সামান্য বৃষ্টিতেই হাঁটু পানিতে নিমজ্জিত সোনাতলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, এখনই প্রয়োজন মাটি ভরাটের

ইকবাল কবির লেমন

সোনাতলা উপজেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মধুপুর ইউনিয়নের একটি প্রাচীনতম প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। বাঙালি নদীতীরবর্তী অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে বিদ্যালয়টি অনবদ্য ভূমিকা রেখে চলেছে। বিগত সময়ে এই বিদ্যালয়টি থেকে শিক্ষা নেওয়া অনেক শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে স্বমহিমায় আসীন রয়েছেন। তাঁদের অনেকের স্মৃতিতে হয়তো এখনও বিদ্যালয়টি বারবার ছবি হয়ে ফুটে উঠে। কিন্তু বর্ষাকালে সেই বিদ্যালয়টিতে এলেই এলোমেলো হয়ে যাবে তাদের সুখস্মৃতি। হাঁটু পানি মাড়িয়ে বিদ্যালয়টিতে শিক্ষক ও শিক্ষার্থীদের বিচরণ নিশ্চয়ই তাঁদের ব্যথিত করবে। সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি এই বিদ্যালয়টির একটি সাধারণ ঘটনা। আর নিয়মিত বর্ষায় বা অতিবৃষ্টিতে তা হয়ে ওঠে আরও প্রকট। বিদ্যালয়টির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এখনই মাটি ভরাটের প্রয়োজন বিদ্যালয়টিতে।
এ বিষয়ে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার হোসেন বলেন, ‘মাটি ভরাটের ন্যায্য দাবি নিয়ে উপজেলা প্রশাসনে ও উপজেলা শিক্ষা অফিসে আবেদন করলেও এখনও কোন কার্যকরি উদ্যোগ নেওয়া হয়নি। আশাকরি, সমস্যা লাঘবে যথাযথ কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে।’
সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সাথে এ বিষয়ে মুঠোফোনে কথা বললে তিনি জানান, ‘আমি বিষয়টি লাঘবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সচেষ্ট থাকবো।’



