জমি নিয়ে বিরোধের জেরে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জমি-জমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগ উঠেছে তারই ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের বয়রা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মোছাঃ সাহারা বানু (৪৫), স্বামী- সোলেমান আলী, গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে নবাবগঞ্জ থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামীর পিতা মৃত্যুবরণ করার পর স্বামীর ভাইরা জমি-জমা নিজেদের মধ্যে ভাগ-বণ্টন করে নেন এবং তার স্বামীকে বঞ্চিত করেন। পরবর্তীতে তারা যাতে ভবিষ্যতে জমি দাবি করতে না পারেন, সে জন্য বিভিন্নভাবে বাধা প্রদানসহ বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা বন্ধ করার চেষ্টা চালিয়ে আসছিলেন।
অভিযোগে আরও বলা হয়, গত ২৭ এপ্রিল ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে পূর্বপরিকল্পিতভাবে বিবাদীরা লাঠি, লোহার রড ও সাবল নিয়ে তার স্বামীর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মোঃ জুলফিকার আলী (ভুট্ট) (৪৫) ও মোঃ মুক্তার হোসেন (ইমরান) (৪০)-সহ আরও ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার স্বামীকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।
ভুক্তভোগীর স্বামী চিৎকার করলে সাহারা বানু ও তার মেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। এ সময় অভিযুক্তরা সাহারা বানুকে পেটে লাথি মেরে মাটিতে ফেলে দেয় এবং তার মেয়েকেও কিল-ঘুষি মেরে আহত করে। একপর্যায়ে প্রধান অভিযুক্ত জুলফিকার আলী তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা তাদের ছেড়ে দিয়ে হুমকি দেয় যে, রাস্তা দেওয়া হবে না এবং জমির অংশ নেওয়ার চেষ্টা করলে সবাইকে হত্যা করা হবে।
পরে স্থানীয় লোকজন আহত সোলেমান আলীকে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনার সাক্ষী হিসেবে মোঃ মালেক হোসেন (৫৫), পিতা- আইজ উদ্দিন, সাং- বয়রা উত্তরপাড়া এবং মোজাহের আলী (৪০), পিতা- মোহাম্মদ আলী, সাং- বুজরুক হরিণা, ডাক- পুটিমারা, ইউনিয়ন- পুটিমারা, থানা- নবাবগঞ্জ, জেলা- দিনাজপুরসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী সাহারা বানু জানান, তার স্বামীর প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে না দিয়ে অভিযুক্তরা বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করার চেষ্টা করছে এবং হত্যার উদ্দেশ্যে মারপিট করেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



