বগুড়ার খবর

সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগে সাঘাটা থানায় জিডি

স্টাফ রিপোর্টার

গাইবান্ধার সাঘাটায় এক সাংবাদিককে মোবাইল ফোনে গালিগালাজ, প্রাণনাশ ও পেশাগতভাবে ‘দেখে নেওয়ার’ হুমকির অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সাঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি মো. জয়নুল আবেদীন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দায়ের করা জিডি (নং-১২৫৫, ট্র্যাকিং নং-LADLCI) সূত্রে জানা যায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুল্লার বিরুদ্ধে গুরুতর হুমকি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।
জিডিতে সাংবাদিক জয়নুল আবেদীন উল্লেখ করেন, সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫টা ৭ মিনিটে ফজলে রাব্বী ওরফে ফারুকের মোবাইল নম্বর থেকে তার ফোনে কল আসে। কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ফোন নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং বাড়িতে গিয়ে মারধর, খুন-জখমসহ সাংবাদিকতা পেশা বন্ধ করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, দীর্ঘদিন পেশাগত দায়িত্ব পালনকালে এমন প্রকাশ্য হুমকি তাকে নিরাপত্তাহীনতায় ফেলেছে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করা হয়েছে।
সাঘাটা থানার ডিউটি অফিসার মো. বজলুল করিম জিডি গ্রহণ করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম থানায় জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, হুমকি দাতা শিক্ষকের বিরুদ্ধে আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে ।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাংবাদিক নেতারা বলছেন, পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতার ওপরও হুমকি। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button