সামাজিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে -গাইবান্ধা জেলা প্রশাসক

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা বলেছেন, ‘শুধু বিদ্যান হলেই হবে না। একজন শিক্ষার্থীকে মানবিক, সাংস্কৃতিক, সামাজিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধই একটি জাতির প্রকৃত সম্পদ।’
গতকাল মঙ্গলবার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম। এছাড়া বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহিশ শাফি, জুমারবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম সোহাগ, প্রধান শিক্ষক মামুন হাসান এবং ডা. আব্দুর রাজ্জাক শিশু নিকেতনের সহকারী শিক্ষক মোকছেদ আলী। বক্তারা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাঘাটা উপজেলায় ১৫৩ জন কৃতী শিক্ষার্থীদের এবং জুমারবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের হাতে সংবর্ধনা স্মারক ও সনদ তুলে দেন অতিথিরা। । অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার জুমারবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টির ৩০ জন শিক্ষার্থী বৃত্তি পরিক্ষায় কৃতিত্ব অর্জন করেছে।



