সোনাতলার সবুজসাথী উচ্চ বিদ্যালয়ে আলোর প্রদীপ যুব সংগঠনের মাদকবিরোধী ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

“১৮ বছরের আলোর পথচলা, স্বপ্ন ছুঁক লক্ষ মানুষের হৃদয়”—এই স্লোগানকে সামনে রেখে আলোর প্রদীপ যুব সংগঠনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সবুজসাথী উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করেন সবুজসাথী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মনিরুজ্জামান সুমন। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: জামিল উদ্দিন এবং আলোর প্রদীপ যুব সংগঠনের সদস্য শাহাদাত হোসেন।
বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী, অভিভাবক ও তরুণ প্রজন্মকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান। তাঁরা বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবুজসাথী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: মহসিনা বেগম, সহকারী শিক্ষক মোছা: শাপলা আক্তার ও মো: আবুল কালাম। এ ছাড়াও আলোর প্রদীপ যুব সংগঠনের সদস্য খাইরুল, শাকিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, আলোর প্রদীপ যুব সংগঠনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচি আগামী ১৬ অক্টোবর আনুষ্ঠানিক উৎসবের মধ্য দিয়ে শেষ হবে। সংগঠনটির এ উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



