মহান মুক্তিযুদ্ধের বীর সন্তানদের প্রতি আলোর প্রদীপ যুব সংগঠনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

‘১৮ বছরের আলোর পথচলা, স্বপ্ন ছুঁক লক্ষ মানুষের হৃদয়’—এই স্লোগানকে সামনে রেখে ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর সন্তানদের সম্মাননা জানিয়েছে আলোর প্রদীপ যুব সংগঠন।
বুধবার (১৪ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের প্রতিনিধিরা বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী প্রদান করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে তাঁদের অসামান্য অবদান, সাহসিকতা, আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রিয় মাতৃভূমির গৌরব ও মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।
এদিন সম্মাননা জানানো হয় সোনাতলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো: ওছিম উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা মো: সেকেন্দার আলীকে।
এ সময় সংগঠনের প্রতিনিধিরা বলেন, মহান মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের অসীম সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। তাঁদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখা এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাঁরা আরও বলেন, আলোর প্রদীপ যুব সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবকল্যাণ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করাই সংগঠনের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুল, প্রতিষ্ঠাতা সদস্য ডা. মামুনুর রশীদ, সাবেক কোষাধ্যক্ষ মো: মেহেদী হাসান এবং সদস্য তাইফ মুশফিক জয় ও শিহাব।
বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আলোর প্রদীপ যুব সংগঠন তাদের ১৮ বছরের পথচলাকে আরও অর্থবহ করে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে। সংগঠনের প্রত্যাশা, মুক্তিযুদ্ধের মহান আদর্শ ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের হৃদয়ে চিরজাগরুক থাকবে এবং আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে অনুপ্রাণিত করবে।



