ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন গ্রেপ্তার

রাকিবুল ইসলাম, ধুনট বগুড়া প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলা এলাকায় বিএনপি নেতার দায়ের করা গাড়ি ভাঙচুর ও হামলার মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হাই খোকন (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (০৯ মে ২০২৬) ভোরে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ধুনট থানায় হস্তান্তর করেন।
গ্রেপ্তারকৃত আব্দুল হাই খোকন উপজেলার চিকাশী ইউনিয়নের সোনারগাঁ গ্রামের মৃত হবিবর রহমান মাস্টারের ছেলে। তিনি ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি।
মামলা সূত্রে জানা যায়, খোকনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৮ সালের ১১ ডিসেম্বর বিএনপি দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ২০২৪ সালের ৮ অক্টোবর ধুনট থানায় মামলা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল হাই খোকনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, “বিএনপি নেতার দায়ের করা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।



