বগুড়ার খবর

একলাখ বৃক্ষরোপণের টার্গেট নিয়ে প্রতিদিন বৃক্ষরোপণ ও বিতরণ করছেন বৃক্ষমাসুদ

ইকবাল কবির লেমন

বগুড়ার সোনাতলায় একলাখ বৃক্ষরোপণের টার্গেট নিয়ে প্রতিদিন বৃক্ষরোপণ ও বিতরণ করছেন সাধারণে বৃক্ষমাসুদ হিসেবে পরিচিত মাসুদুর রহমান মাসুদ। সোনাতলার অলি-গলি, সড়কের ধার, পতিত জমি, রেলের পাশে,উপজেলা- পৌর কমপ্লেক্স, ভূমি অফিস অথবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন শত শত বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করে তিনি এলাকাবাসীর কাছে মাসুদ থেকে বৃক্ষ মাসুদে পরিণত হয়েছেন। এলাকায় এখন অনেক মাসুদ থেকে আলাদা করতে মানুষ বৃক্ষ মাসুদ নামে ডেকে থাকেন। সোনাতলায় বৃক্ষ মাসুদ বললেই যে কারো চোখে ভেসে ওঠে চারা রোপণ , বিতরণ ও পরিচর্যারত হাসিমুখের একজন যুবকের ছবি। সোনাতলা পৌরসভার গড়চৈতন্যপুরের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান বৃক্ষ মাসুদ। পিতা তোফাজ্জল হোসেন মন্ডলের বিভিন্ন গাছ-গাছালিতে ভরা বাগানসম বিশাল বাড়িতে কেটেছে তাঁর শৈশব। আর সেখান থেকেই গাছের প্রতি তাঁর তীব্র ভালবাসা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে পড়াশুনার পাঠ চুকিয়ে রাজনীতিতে নিজেকে যুক্ত করলেও গাছের প্রতি তাঁর ভালবাসা কমেনি এতটুকুও। বিভিন্ন সময় বৃক্ষ মাসুদ বিচ্ছিন্নভাবে বৃক্ষরোপণ করলেও ২০২৪ সাল থেকে তা বেড়েছে বহুগুণ। রাজনীতি ও বাড়ির কাজে নির্ধারিত সময় বাদে প্রায় দিনের অধিকাংশ সময় তাঁকে দেখা যায় সোনাতলার কোথাও না কোথাও বৃক্ষরোপণ বা বিতরণে। শুধু বৃক্ষরোপণ নয় সেগুলো রক্ষায় তাঁর প্রাণান্তকর চেষ্টাও চোখে পড়ার মতো।
বৃক্ষ মাসুদের রোপণ করা বৃক্ষে ইতিমধ্যেই সোনাতলা একটি আলাদা সৌন্দর্য পেতে শুরু করেছে।
বৃক্ষমাসুদের এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সোনাতলার প্রকৃতিপ্রেমী সাধারণ মানুষ।
এ ব্যাপারে বৃক্ষ মাসুদ (মাসুদুর রহমান মাসুদ) জানান, ‘বৃক্ষ আমাদের আলো দেয়, বাতাস দেয়, ফল দেয়, জ্বালানি দেয়। আবার প্রাকৃতিক ভারসাম্যও রক্ষা করে বৃক্ষ। কিন্তু দিন দিন আমাদের দেশে বৃক্ষ কমে যাচ্ছে। কারণে-অকারণে বৃক্ষ উজার করে নষ্ট করে আমরা ভারসাম্যহীন করেছি পরিবেশ। আমি পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে চাই। আমরা সকলে উদোগী হলে প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ একটি সবুজ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। আমি সেই লক্ষে দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে গাছের চারা রোপণ, বিতরণ ও পরিচর্যা করে চলেছি। ইতোমধ্যেই আমি সোনাতলায় ফলদ, বনজ, ওষুধী প্রজাতির প্রায় ৭০ হাজার বৃক্ষ রোপণ করেছি। অল্পদিনের মধ্যেইঈক লাখ বৃক্ষ রোপণের টার্গেট সম্পন্ন করবো ইশাআল্লাহ।’ তিনি সবুজ-নির্মল বাংলাদেশ বিনির্মাণে বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button