অবহেলিত গাইবান্ধাকে এগিয়ে নিতে সমস্যা চিহ্নিত করে উন্নয়ন করা হবে- মহিলা এমপি আলো

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ বেগম আলো বলেছেন, “পিছিয়ে পড়া ও দীর্ঘদিনের অবহেলিত গাইবান্ধাকে এগিয়ে নিতে আমি এ জেলার দায়িত্ব নিয়েছি। জেলার প্রতিটি উপজেলার সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। উন্নয়নের সুফল যাতে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে, সে লক্ষ্যেই কাজ করা হবে।”
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “গাইবান্ধার উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও কর্মসংস্থানসহ সব খাতে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নিয়ে পরিকল্পিতভাবে কাজ করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সেলিম আহমেদ তুলিপের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, মাস্টার আব্দুল্লাহ, অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা, মইন প্রধান লাবু, আলাউদ্দিন মণ্ডলসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় জেলার সার্বিক উন্নয়ন, স্থানীয় সমস্যা নিরূপণ এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধানে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।



