সোনাতলায় পূবালী ব্যাংকের “ক্যাশলেস সোনাতলা” কার্যক্রমের শুভ উদ্বোধন: Bangla QR-এর মাধ্যমে ডিজিটাল লেনদেনে নতুন দিগন্তের সূচনা

স্টাফ রিপোর্টার

“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় পূবালী ব্যাংক পিএলসি, সোনাতলা উপশাখার উদ্যোগে বাংলা কিউআর (Bangla QR) ভিত্তিক ডিজিটাল পেমেন্ট সচেতনতামূলক কর্মসূচি এবং “ক্যাশলেস সোনাতলা” কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাহনেওয়াজ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব জুয়েল মিয়া। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, সোনাতলা উপশাখার ব্যবস্থাপক জনাব মোঃ মাহবুবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ মোঃ আব্দুল হাই, দিশারি ফুড-এর ব্যবস্থাপনা পরিচালক এম রহমান সাগর।
বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে “এক দেশ, এক QR—Bangla QR” উদ্যোগ একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগের মাধ্যমে সোনাতলা উপজেলাকে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ ক্যাশলেস জোনে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে পূবালী ব্যাংক পিএলসি। বাংলা কিউআরের মাধ্যমে এখন ক্রেতা ও বিক্রেতারা নগদ অর্থ ছাড়াই নিরাপদ, দ্রুত ও সহজ উপায়ে মোবাইল ব্যাংকিং কিংবা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে তাৎক্ষণিকভাবে লেনদেন সম্পন্ন করতে পারবেন।
অনুষ্ঠানে স্থানীয় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান দিশারি ফুড-এর স্টলে বাংলা কিউআরের মাধ্যমে কেনাকাটার সম্পূর্ণ প্রক্রিয়া হাতে-কলমে প্রদর্শন করা হয়। এই বাস্তব প্রদর্শনী উপস্থিত অতিথি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে আগ্রহ, আস্থা ও ইতিবাচক সাড়া সৃষ্টি করে।
অনুষ্ঠান শেষে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সর্বস্তরের জনগণের মধ্যে ক্যাশলেস লেনদেনের সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সোনাতলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে “ক্যাশলেস সোনাতলা” গড়ে তোলার বার্তা ছড়িয়ে দেয় এবং ডিজিটাল পেমেন্ট ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করে।



