বগুড়ার খবর

সাঘাটায় মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় ৫ জন গ্রেপ্তার

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে অভিযান চালিয়ে পাচজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে সাঘাটা থানা পুলিশ। এর মধ্যে স্থানীয়ভাবে আলোচিত কথিত মাদক কারবারি মো. সাইফুল ইসলামও রয়েছেন, যিনি স্থানীয়দের দাবি অনুযায়ী মাদক-সংক্রান্ত অভিযোগে তৃতীয়বারের মতো গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুমারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার দহিচড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে মঞ্জু মিয়া এবং বগুড়া সদর উপজেলার ভাটকান্দি গ্রামের আব্দুল হামিদের ছেলে জাহাঙ্গীর আলম।
একই রাতে সাঘাটা ইউনিয়নের আকন্দপাড়া এলাকায় নৌকাঘাটে মো. শফিকুল ইসলামের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে পালানোর সময় মতিয়ার রহমান টুকু নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সাঘাটা গ্রামের ছামসুল হকের ছেলে। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, সাগাটা বাজারের পণ্টন মোড় নামক স্থানে অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ মো. শরিফুজ্জামান সোহাগ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের আব্দুল মাজেদ (মাজু)-এর ছেলে। সকলের নামে মাদকদ্রব্য আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে ১৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়দের ভাষ্য, মাদক-সংক্রান্ত অভিযোগে এটি সাইফুল ইসলামের তৃতীয়বারের মতো গ্রেপ্তার। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button