স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে বগুড়াবাসীর, হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর ও ঘাঁটি

স্টাফ রিপোর্টার

স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে বগুড়াবাসীর, বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর ও ঘাঁটি। বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার আনুষ্ঠানিক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সেইসাথে বিমানবাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাঁটি স্থাপন এবং পাইলট তৈরির জন্য একটি ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে।
৭ মে বৃহস্পতিবার দুপুরে বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে আন্তর্জাতিক বিমানবন্দরে বাণিজ্যিক বিমানসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিনিধিদল এমন তথ্য জানিয়েছেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির ও কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।
প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং আকাশসীমা সুরক্ষায় সামরিক সক্ষমতা আরও শক্তিশালী হবে।



