সোনাতলা সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রবীণের পাশাপাশি সরব নবীনরাও

স্টাফ রিপোর্টার

আগামী অক্টোবর মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে সরকার। সরকারের নীতি নির্ধারক মহলের এমন ঘোষণায় নড়াচড়া শুরু করেছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা। সোনাতলা উপজেলার সদর ইউনিয়নেও শুরু হয়েছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের পদচারণা। সোনাতলা সদর ইউনিয়নে প্রবীণ চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি নবীন চেয়ারম্যান প্রার্থীরাও সরব ভূমিকা পালন করে চলেছেন। বিভিন্ন সভা-সমাবেশে উপস্থিতি, বাড়ি-বাড়ি গণসংযোগসহ সামাজিক অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা ও অনেকটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে তাঁরা নিয়ে এসেছেন নির্বাচনী আমেজ।
এবার সোনাতলা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে যাঁরা লড়বেন বলে জানা গেছে তাঁরা হলেন এই ইউনিয়ন পরিষদে তিন তিনবারের চেয়ারম্যান, প্রবীণ ব্যক্তি জাকির হোসেন বেলাল, লেখক ও সমাজকর্মী এম এম মেহেরুল, সোনাতলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পাভেল আহম্মেদ ও সোনাতলা সদর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এছাড়াও আরও কয়েকজন তরুণ প্রার্থী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী বলে জানা গেছে।
সদর ইউনিয়নের সাধারণ ভোটারদের প্রত্যাশা এমন একজন ব্যক্তি আগামী নির্বাচনে সোনাতলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোক যিনি হবেন নির্লোভ, সৎ, শিক্ষিত, দক্ষ ও পরোপকারী।



