সোনাতলায় বাঙালি নদীতে গোসলে নেমে ঘূর্ণাবর্তে পড়ে এসএসসি পরীক্ষার্থী কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার

সোনাতলার সদর ইউনিয়নের আড়িয়ারঘাট এলাকায় বাঙালি নদীতে গোসলে গিয়ে ঘূর্ণাবর্তে পড়ে তীর্থ সাহা (১৬) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। তীর্থ সাহা সোনাতলা উপজেলার পৌর সদরের বন্দর এলাকার ব্যবসায়ী দিপক সাহার একমাত্র ছেলে। সে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ খোলাহাটী পার্বতীপুর, দিনাজপুরের ২০২৬ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও ঘটনার শিকার তীর্থ সাহার পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪ টার দিকে মা ও বোনসহ আরও কয়েকজনকে সাথে নিয়ে তীর্থ সাহা আড়িয়ারঘাটে বাঙালি নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে হঠাৎ ঘূর্ণাবর্তে পড়ে তলিয়ে যায় তীর্থ সাহা। এসময় অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে দীর্ঘ চেষ্টা চালায়। পরে ডুবুরি দল এসে ৬ জুন, শনিবার সকালে মৃত অবস্থায় ঘটনাস্থল থেকে তীর্থের লাশ উদ্ধার করে।
এসএসসি পরীক্ষার্থী তীর্থের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।



