সারিয়াকান্দিতে যমুনায় ডুবে কৃষক নিখোঁজ

মাহমুদুল হাসান মুনজু, সারিয়াকান্দি ( বগুড়) প্রতিনিধি
সারিয়াকান্দিতে ঘাস কাটতে গিয়ে যমুনা নদীতে ডুবে আব্দুর রশিদ (৬৫) নামে এক কৃষক নিখোঁজ রয়েছেন। শনিবার ( ১৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা হার্ড পয়েন্টের কাছে যমুনা নদীতে এঘটনা ঘটে। আব্দুর রশিদ দেবডাঙ্গা গ্রামের মৃত তজিবর সরকারের ছেলে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, শনিবার সকালে গরুর জন্য ঘাস কাটার উদ্দেশে কৃষক আব্দুর রশিদ বাড়ি থেকে বেরিয়ে নদীর ওপারে চরে যান। পরে তিনি বাড়ি ফেরার উদ্দেশে রওনা দেন। বেলা সাড়ে ১১ টার দিকে তিনি নদী সাতরিয়ে পার হওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যায় । এরপর থেকে তার আর খোঁজ মেলেনি। স্থানীয়রা উদ্ধার চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার স্টেশনে খবর দেয়।
এ ব্যাপারে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সুজন মিয়া বলেন, সংবাদ পেয়ে আমরা নিখোঁজ ওই কৃষককে উদ্ধারের জন্য রাজশাহী ডুবুরি দলকে খবর দিয়েছি। রাজশাহী ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে । উদ্ধার অভিযান চলমান আছে ।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



