বগুড়ার খবর

সান্তাহার প্রেসক্লাবের রুবি জয়ন্তী উদযাপন

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

পশ্চিম বগুড়ার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন সান্তাহার প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজনে ৪০ বছর পুর্তি (রুবি জয়ন্তী) উৎসব, প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে নাগরিক সংবর্ধনা প্রধান অনুষ্ঠান উদযাপন করেছে সান্তাহার প্রেসক্লাব।

(১ লা জুন)  সোমবার সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে মুক্তিযোদ্ধা চত্ত্বরে এক বর্ণাঢ্য আয়োজনে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংগঠনটি তার রুবি জয়ন্তী উদযাপন করেছে। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়ে হাঁটি-হাঁটি পা-পা করে ৪১টি বছর অতিবাহিত করেছে সান্তাহার প্রেসক্লাব। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সকলের ভালোবাসায় সিক্ত হয়ে আজ গৌরবের ৪০ বছর উদযাপন করলো সান্তাহার প্রেসক্লাব।

সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বক্কর ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বরিউল ইসলাম রবিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান এবং সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সান্তাহার প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্শেদ, ডা. হামিদুর হক রানা, আব্দুল জলিল, এম এফ সিদ্দিকী গুড্ডু এহসান এবং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ গোলাম মোরশেদ খাইরুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, “সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ থেকে সত্য প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোনো রাজনৈতিক পক্ষপাত নয় বরং সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থানই হবে সাংবাদিকতার মূল শক্তি। সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে হবে সাহসিকতার সাথে। বর্তমানে কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া বিভিন্ন তথ্য প্রচার করছেন, যা প্রকৃত সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ ধরণের অপসাংবাদিকতার বিরুদ্ধে সচেতন থাকতে হবে। আমি বিশ্বাস করি, সান্তাহার প্রেসক্লাব তার ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ন রেখে দেশ, সমাজ ও জাতির কল্যাণে ইতিবাচক ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানে সরকারি, বেসরকারি ও আধা-সরকারি মিলিয়ে প্রায় ২২টি সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে সান্তাহার বিহঙ্গ শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় একটি মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button