নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এ রাজশাহী আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন বগুড়া জেলা অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল দল

ইকবাল কবির লেমন

নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এ রাজশাহী বিভাগে আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা অনূর্ধ্ব- ১৪ বালিকা ফুটবল দল। ২১ মে, বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম,রাজশাহীতে রাজশাহী জেলা অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল দলের সাথে ফাইনাল খেলায় নৈপুন্য প্রদর্শন করে তারা এই গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় টাইব্রেকারে জেলা অনূর্ধ্ব- ১৪ বালিকা ফুটবল দল ৪-৩ গোলে নিজেদের এগিয়ে রেখে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ান হয়। পরে রাজশাহী বিভাগে আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন বগুড়া জেলা অনূর্ধ্ব- ১৪ বালিকা ফুটবল দলকে বিভাগীয় চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদান করেন ্রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম. বজলুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, মোহাম্মদ শফিকুল হক মিলন এমপি, অধ্যাপক নজরুল ইসলাম এমপি, আবু সাঈদ চাঁদ এমপি, উপ-মহা পুলিশ পরিদর্শক-রাজশাহী রেঞ্জ, আরএমপি কমিশনার, রাজশাহী জেলা প্রশাসক, রাজশাহী পুলিশ সুপার।
জেলা অনূর্ধ্ব- ১৪ বালিকা ফুটবল দলের কোচ মোঃ রাকিব হোসেন জানিয়েছেন, রাজশাহীতে ফাইনাল খেলায় অংশগ্রহণকারী বগুড়া জেলা অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল দলের ১৮ জনের টিমের ১০ জন খেলোয়াড়ই সোনাতলা উপজেলার।
আগামী ২৪ মে, রবিবার বগুড়ার শিবগঞ্জে বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলোকে সংবর্ধনা প্রদান করবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।



