সাঘাটায় জমিজমা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ১৪জন আহত

জয়নুল আবেদীন,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার সাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ কবির ভুট্টু গ্রুপ ও মতলু মিয়া গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হন।
আহতদের সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতদের মধ্যে রয়েছেন ফিরোজ কবির ভুট্টু (৫৫), শ্রাবন মিয়া (২৩), শিহাব ইসলাম (২২), মীম আক্তার (২১), গোলাপি বেগম (৩৫), বিপুল (৪৫), আনোয়ার হোসেন (৫২), ফাহিম ইসলাম (২৪), শাহানা (৫০), জাহাঙ্গীর আলম (৬০), মতলু মিয়া (৪০), শাকিল হাসান (৩০), নুরফুল বেগম (৩৫) ও ছাবিয়া বেগম (৫৫)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সূত্র জানান,আহতদের মধ্যে ফিরোজ কবির ভুট্টু, গোলাপি বেগম, শিহাব এর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সময় একটি টিনের ঘরে আগুন লাগার ঘটনাও ঘটে। তবে ওই ঘরে কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ঘরটি পুড়ে গেছে। এ ঘটনায় দুই পক্ষ একে অপরকে দোষারোপ করছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। শান্তি বজায় রাখতে পুলিশ নিয়মিত নজর রাখছে। এজাহার পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



