বগুড়ার খবর

সোনাতলায় জমি থেকে সংখ্যালঘু পরিবারের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ

মিনাজুল ইসলাম

বগুড়ার সোনাতলায় জমির মালিকানা সংক্রান্ত বিরোধের জেরে এক সংখ্যালঘু পরিবারের পৈতৃক জমির পাকা ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। লক্ষ্মীনারায়ণ পাড়া গ্রামে স্থানীয় প্রভাবশালী বাবলু মিয়ার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারটি।

ভুক্তভোগী শ্রী লিটন ওই গ্রামের স্বর্গীয় খোগেন মাষ্টারের ছেলে। তার দাবি, পৈতৃক সূত্রে পাওয়া দুই দাগের ৩০ শতক জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। চলতি মৌসুমে জমির ধান পেকে যাওয়ায় তারা ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন।আজ শুক্রবার(২৭নভেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে বাবলু মিয়াসহ ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের জমিতে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যরা বাঁধা দিতে গেলে তা উপেক্ষা করে জোরপূর্বক জমির পাকা ধান কেটে নিয়ে যায় অভিযুক্তরা।

ঘটনার পরপরই বিষয়টি সোনাতলা থানা পুলিশকে অবগত করেছে ভুক্তভোগী পরিবার।

কান্নাজড়িত কণ্ঠে শ্রী লিটন বলেন, “আমরা সংখ্যালঘু হওয়ার সুযোগ নিয়ে তারা আমাদের নিজস্ব জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে। এখন আমাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছি।”

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বাবলু মিয়া দাবি করেন, “আমি আমার নিজের জমির ধান কেটেছি। জমিটি যদি ওদের হয়ে থাকে, তবে আমাকে বৈধ কাগজপত্র দেখাতে বলেন।”

এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনা সম্পর্কে আমি অবগত হয়েছি। লিখিতভাবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button