সারাদেশ

দীর্ঘ ৭৭ দিনের প্রতীক্ষার অবসান সাঘাটায় ইউএনও‘র যোগদান

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন অঞ্জন কুমার দাস। তাঁর যোগদানের মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রশাসনিক শূন্যতা কাটার পাশাপাশি জনভোগান্তি কমার প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।
গত বৃহস্পতিবার তিনি সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গত ১১ নভেম্বর জারি করা এক পত্রে তাঁকে সাঘাটায় পদায়ন করা হয়। নতুন ইউএনও যোগদানের পর তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাঘাটার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর থেকে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি শূন্য ছিল। দীর্ঘ সময় পূর্ণাঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং সাধারণ মানুষের সরকারি সেবা প্রাপ্তি নিয়ে নানা ধরনের ভোগান্তি ও অনিশ্চয়তা তৈরি হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম চললেও পূর্ণাঙ্গ নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল।
বিশেষ করে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয় এবং নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে একজন পূর্ণাঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রয়োজনীয়তা অনুভব করছিলেন সচেতন মহল। অবশেষে নতুন ইউএনওর যোগদানে প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে সাঘাটায় সরকারি সেবার গতি ফিরবেÑএমন প্রত্যাশা স্থানীয়দের। তাঁদের মতে, দীর্ঘদিনের প্রশাসনিক শূন্যতা পূরণের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনাই এখন নতুন ইউএনওর সামনে বড় চ্যালেঞ্জ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button