সাঘাটায় তিস্তামুখঘাট-বাহাদুরাবাদ সড়ক রেলসেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

জয়নুল আবেদীন

গাইবান্ধার ফুলছড়ির তিস্তামুখঘাট-বাহাদুরাবাদ সড়ক ও রেলসেতু নির্মাণ এবং বোনারপাড়া-তিস্তামুখঘাট রেলপথে পুনরায় ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
রবিবার (২৪ মে) সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠনের উদ্যোগে বোনারপাড়া উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠনের সাভাপতি হাসান মেহেদী বিদ্যুৎ,বিপ্লবী ওয়ার্কাস পার্টির গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল গফুর,সাঘাটা উপজেলা সিপিবির সভাপতি যোগেস্বর চন্দ্র বর্মন, অধ্যক্ষ নওয়াব আলী সাজু, প্রভাষক শাহ আলম, সমাজ সেবক সিরাজুল ইসলাম, আজাদুল ইসলাম আজাদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তামুখঘাট-বাহাদুরাবাদ সড়ক ও রেলসেতু নির্মাণ। এ সেতু নির্মিত হলে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশ নেন ।
বক্তারা আরও বলেন, একসময় বোনারপাড়া-তিস্তামুখঘাট রেলপথে ট্রেন চলাচল থাকলেও নানা কারণে তা বন্ধ হয়ে যায়। ফলে এ অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত রেলপথটি পুনরায় চালু করা হলে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে। মানববন্ধন থেকে অবিলম্বে তিস্তামুখঘাট-বাহাদুরাবাদ সড়ক ও রেলসেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়ন এবং বন্ধ রেলপথ পুনরায় চালুর জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।


