বগুড়ার খবর

ধুনটে খালের পানিতে ডুবে ৬ বছরের শিশু নিখোঁজ

রাকিবুল ইসলাম, ধুনট প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে ডুবে মারজিয়া খাতুন (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ মারজিয়া খাতুন নবীনগর গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের আড়িয়ামারা খালের দাবুর বাড়ির ঘাট এলাকায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল মারজিয়া। একপর্যায়ে সে খালের পানিতে নেমে পড়ে। সাঁতার না জানায় খালের তীব্র স্রোতে সে তলিয়ে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালান।

পরে খবর পেয়ে ধুনট উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় খালের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

ধুনট উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ের ফায়ার ফাইটার সাব্বির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে খালের পানিতে প্রাথমিক অনুসন্ধান চালানো হয়েছে। তবে খালের তীব্র স্রোতের কারণে এখন পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, বিষয়টি রাজশাহী বিভাগের ডুবুরি দলকে অবহিত করা হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button