সারাদেশ

শালমারায় বেহাল সড়ক সংস্কারে প্রশাসনের অপেক্ষা নয়, যুবকদের নিজস্ব অর্থ ও স্বেচ্ছাশ্রমে দুর্ভোগের অবসান

শালমারায় বেহাল সড়ক সংস্কারে প্রশাসনের অপেক্ষা নয়, যুবকদের নিজস্ব অর্থ ও স্বেচ্ছাশ্রমে দুর্ভোগের অবসান

অতিরিক্ত বৃষ্টির কারণে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া গাইবান্ধার সাঘাটা উপজেলার ১৭ নং শালমারা ইউনিয়নের ৮ নং হিয়াতপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার রাস্তাটি অবশেষে গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে সংস্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হিয়তপুর গ্রামের পশ্চিমপাড়া কাদের মেম্বারের বাড়ি সংলগ্ন সড়কটিতে কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গত কয়েকদিনের ভারী বর্ষণে রাস্তাটি ভেঙে প্রায় ২৫-৩০ ফিট লম্বা একটি বিশাল গর্তের সৃষ্টি হয়। এর ফলে দীর্ঘদিন ধরে সড়কটিতে সব ধরনের যানবাহনসহ সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছিল।
রাস্তাটি বেহাল দশায় পড়ে থাকায় এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থী, জরুরি চিকিৎসা সেবা প্রার্থী অসুস্থ রোগী এবং সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে, কৃষিনির্ভর এই অঞ্চলের কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে আনা-নেওয়ার ক্ষেত্রে স্থবিরতা নেমে আসে। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো সংস্কারের উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর ক্ষোভ ও ভোগান্তি চরম আকার ধারণ করে।

এমতাবস্থায় মানুষের এমন চরম দুর্দশা ও দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন এলাকার একঝাঁক উদ্যমী তরুণ। আজ (বুধবার) গ্রামের যুবকেরা মিলে একটি নিজস্ব তহবিল গঠন করেন এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। স্থানীয় যুবক ইমরান হোসেন রায়হান আকন্দের নেতৃত্বে তরুণরা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে স্বতঃস্ফূর্তভাবে রাস্তা মেরামতের কাজে অংশ নেন। তাদের এই মহতী উদ্যোগে কয়েক ঘণ্টার মধ্যেই রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী হয়ে ওঠে।
যুবকদের এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগের সময় কাজের গুণগত মান তদারকি এবং উৎসাহ দিতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button