সাঘাটায় স্বেচ্ছাসেবীদের শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

টেকসই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গাইবান্ধার সাঘাটায় শিশুদের জন্য প্রকল্পের স্বেচ্ছাসেবীদের শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার ভরতখালীতে অবস্থিত এসকেএস রিসোর্স সেন্টারে সেভ দ্য চিলড্রেনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়নকারী সংস্থা এসকেএস ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
কর্মশালায় স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধি, কাজের অভিজ্ঞতা বিনিময় এবং টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তাঁদের ভূমিকা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাঘাটা উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল কাফী, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা খান, পল্লীউন্নয়ন কর্মকর্তা সামিউল ইসলাম, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের অতিথি ও ১০টি ইউনিয়নের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
সেভ দ্য চিলড্রেনের হেড অব গাইবান্ধা ফারুক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষ্মণ কুমার দাস, সাঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল আলম এবং শিশুদের জন্য প্রকল্পের সমন্বয়কারী জামাল উদ্দিন, সেচ্ছাসেবী নাজমা আক্তারসহ অন্যরা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের শিখন বিনিময় কর্মশালা স্বেচ্ছাসেবীদের অভিজ্ঞতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মাঠপর্যায়ে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর করতে সহায়ক হবে।



