সোনাতলায় আড়িয়ারঘাট বাজারে পাড়ায় পাড়ায় দফায় দফায় সংঘর্ষ, আহত-৬

মিনাজুল ইসলাম

বগুড়ার সোনাতলায় কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে স্থানীয় এক যুবদল নেতাসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত শনিবার(৮নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মধুপুর আড়িয়াঘাট বাজার এলাকায় মধুপুর গ্রামের উত্তর ও দক্ষিণ পাড়ার অধিবাসীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন—উত্তর মধুপুর গ্রামের যুবদল নেতা জুলফিকার রহমান (৪০), লেমন (১৮), শাহালম (১৮), সাবিত (২০), জাহেদুল (৫০) এবং শালিখা গ্রামের দুদু বেপারী (৫০)। আহতদের মধ্যে জুলফিকার রহমানের মাথায় গুরুতর আঘাত থাকায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া সাবিত ও দুদু বেপারী সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মধুপুর গ্রামের একটি মাঠে গত কয়েকদিন ধরে কিশোরদের একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল। খেলার একপর্যায়ে কিশোরদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসার জন্য ওই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান উভয় পক্ষকে নিয়ে আড়িয়াঘাট বাজারে বসেন। সালিশ বৈঠক চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে একটি পক্ষ জুলফিকার রহমানের ওপর চড়াও হয় এবং তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়।
জুলফিকারের আহতের খবর গ্রামে ছড়িয়ে পড়লে তাঁর অনুসারী ও উত্তর পাড়ার লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হয়। পরে দক্ষিণ পাড়ার লোকজনও পাল্টা অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে বাজারের বেশ কয়েকটি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ইটপাটকেলের কারণে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পরবর্তীতে বগুড়া জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিকও ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় উভয় পক্ষকে নিবৃত্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন বলেন, “ফুটবল খেলাকে কেন্দ্র করে মধুপুর গ্রামের উত্তর ও দক্ষিণ পাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে।”
ওসি আরও জানান, প্রাথমিকভাবে তিনজন হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে, যার মধ্যে জুলফিকার রহমান নামের একজনকে বগুড়ায় পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।



