সারাদেশ

সাঘাটায় গৃহবধূ মীম হত্যা: হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় গৃহবধূ মীম আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে সাঘাটা উপজেলা পরিষদ ক্যাম্পাস চত্বরে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মীম আক্তারকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে মরদেহ ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে দাবি করেন নিহতের স্বজনরা। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, আসামিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্নের দাবি জানান।
স্থানীয় সমাজসেবক আনিছুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, মইন প্রধান লাবু, আলাউদ্দিন মন্ডল, জাহিদুল ইসলাম, মোস্তাক আহমেদ মিঠু, জসিউল করিম পলাশ, জাহিদুল ইসলাম ইকবাল, ইখতিয়ার আহমেদ সুজন, শামীম হোসেন মন্ডল, স্বপন শেখ, আতিকুর রহমান আতিক, শাপলা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, “একজন গৃহবধূর মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
উল্লেখ্য, গত শুক্রবার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় (ফুটানির বাজার) এলাকায় গৃহবধূ মীম আক্তারের মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ, স্বামী বাদশা মিয়া দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করতেন এবং ঘটনার দিন শারীরিক নির্যাতন করে হত্যা করে মরদেহ ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, “ময়নাতদন্তের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি। রিপোর্ট পাওয়ার পর আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button