সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

গত ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার সন্ধ্যায় সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ভোজনশালা রেস্টেুরেন্টে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সহকারি অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু।
নাগরিক কমিটির সদস্য সচিব সোহেল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রবিউল ইসলাম রিবন সরকার, সাংবাদিক ইকবাল কবির লেমন, সাবেক পৌর কাউন্সিলর কুলসুম বেগম, নারী নেত্রী নয়ন তারা, কৃষক নেতা শফিউল্লহ শফি, যুব সংগঠক মেহেরুল ইসলাম, আব্দুল হান্নান, মাহফুজ রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগণ সম্প্রতি সোনাতলা পৌর এলাকার মাস্টারপাড়া থেকে হাসপাতাল সড়কের নির্মান কাজ চাঁদাবাজির কারণে বন্ধ হয়ে যাওয়ায় এবং সোনাতলা রেলগেট বটতলায় ড্রেন নির্মাণে ঠিকাদারের অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে দোকান ধ্বসে পড়ায় উদ্বেগ প্রকাশ করাসহ নিন্দা জানানো হয়। সেই সাথে চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক মাস্টারপাড়া থেকে হাসপাতাল পর্যন্ত সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করে জনদুর্ভোগ কমানোর জন্য পৌর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় ।
অনুরূপভাবে রেলগেট বটতলায় ঠিকাদার প্রতিষ্ঠানের অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের উপযুক্ত ক্ষতিপূরন প্রদানসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যথায় সোনাতলাবাসীকে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তাগণ তাদের বক্তব্যে উল্লেখ্য করেন।
এছাড়াও আগামী ঈদের পর থেকে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতীর দাবিতে চলমান আন্দোলনের বৃহৎ কর্মসূচী ঘোষণা করা হবে বলেও বক্তাগণ জানান।
উল্লেখ্য যে, ২০০৮ সাল থেকে রাজনীতি সচেতন নিরপেক্ষ সামাজিক সংগঠন হিসেবে সোনাতলা নাগরিক কমিটি সোনাতলাবাসীর নাগরিক অধিকার আদায়ে অব্যাহতভাবে নানারকম কর্মসূচী পালন করে আসছে।



