স্টাফ রিপোর্টার
গত ১৪/০৮/২৬ শুক্রবার, সন্ধ্যা ৭টায় সোনাতলা শহিদ মিনার চত্বরে সোনাতলার সচেতন নাগরিকদের নিয়ে "সোনাতলা সচেতন নাগরিক ফোরাম" নামে একটি নাগরিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। একই সময়ে উন্মুক্ত আলোচনা-পর্যালোচনার মাধ্যমে আত্মপ্রকাশ হওয়া সংগঠনটির আংশিক আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে। মোঃ জাকারিয়ার প্রস্তাবনায়, আহ্বায়ক হিসেবে সাবেক সহকারী অধ্যাপক এটিএম গোলাম রকিব এর নাম প্রস্তাব করা হলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। একইভাবে সদস্য সচিব হিসেবে, শাহারুল ইসলাম লাজুর প্রস্তাবনায় অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ সাজেদুর রহমান সুমন এর নাম প্রস্তাব করা হলে সেটিও কণ্ঠভোটে গৃহীত হয়। আগামী তিন দিনের মধ্যে সকল শ্রেণি-পেশার মানুষের সন্নিবেশ ঘটানোর মধ্য দিয়ে, পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটি এবং উপদেষ্টা পরিষদের নাম প্রকাশ করার সর্বসম্মত সিদ্ধান্তও সভায় গৃহীত হয়।। সভায় সবার মতামতের ভিত্তিতে বলা হয় যে, এই সংগঠনের উপদেষ্টা হি্সেবে কিছু চেয়ার সংরক্ষিত থাকবে যা নাম বা ব্যক্তি হিসেবে নয়। যেমন- এই এলাকার সর্বোচ্চ অভিভাবক হিসেবে, জাতীয় সংসদ সদস্য, ইউএনও, টিএসও, থানা অফিসার ইনচার্জ, পৌরসভার মেয়র/ প্রাশসক, সদরে অবস্থিত কলেজ, মাদরাসা এবং স্কুলের প্রধান ইত্যাদি। পাশাপাশি এলাকার সূর্যসন্তান, বিভিন্ন পেশায় বিশেষ অবদান রেখে চলেছেন, শিক্ষিত, মার্জিত, সৃজনশীল মানুষদেরও বিবেচনায় রাখা হবে। মোঃ সাজেদুর রহমান সুমন এর
সঞ্চালনায় আনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলায়াত করেন, মোঃ মাহিদুল ইসলাম। সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য ও গঠনতন্ত্রের কয়েকটি পয়েন্টের উপরে বিস্তারিত আলোচনা করেন, গোলাম রব্বানী রোমান। যেখানে বলা হয়, সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে পরিচালিত হবে। তবে যেহেতু পাগল আর শিশু ছাড়া কেউ রাজনীতির বাহিরে নয়, সবার কমবেশি রাজনৈতিক পছন্দ-অপছন্দ আছে, তাই যারযার রাজনীতি তারতার কাছে। এখানে, এই সংগঠনের মধ্যে কোনো রাজনীতি নয়, কেউ এটা রাজনৈতিকভাবে ব্যবহার করার চিন্তাও যেন না করেন। আর প্রচলিত রাজনৈতিক দলের পদ হোল্ড করেন, এমন কোনো ব্যক্তি এই সংগঠনের পদ-পদবিতে থাকতে পারবেন না। সংগঠনটির লক্ষ্য-উদ্দেশ্য হলো, মাদক, জুয়া, ইভটিজিংসহ সকল অন্যায়, অশ্লীলতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, শিক্ষা, সাহিত্য, খেলাধুলা, সুস্থ সাংস্কৃতির বিকাশে কাজ করা, উন্নয়ন কর্মকান্ডের সহযোগী হিসাবে সমাজের কল্যাণার্থে, যেখানে যা প্রয়োজন, তা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরে দাবি উত্থাপন করা। সভায় ছাত্র, শিক্ষক, শ্রমিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকল শ্রেণি-পেশার প্রায় শ'খানেক লোকের উপস্থিতি ঘটে। যারা সবাই সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যের সাথে একতম পোষণ করেন এবং আগামীর যে কোনো ভালো সিদ্ধান্তে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নবগঠিত আহ্বায়ক কমিটির নির্বাচিত আহ্বায়কের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে নবগঠিত সোনাতলা সচেতন নাগরিক ফোরামের সভা সমাপ্ত ষোঘণা করা হয়।