স্টাফ রিপোর্টার
গত ৩১ জুলাই সন্ধ্যা ৭ টায় স্থানীয় ভোজনশালা রেস্টুরেন্টে সোনাতলা পৌরসভা কর্তৃক ২০২৬-২০২৭ অর্থ বছরের ঘোষিত বাজেটের উপর বিশ্লেষণ রিপোর্ট পেশ করেছে সোনাতলা নাগরিক কমিটি। রিপোর্টে বাজেটের বিভিন্ন খাতওয়ারী বরাদ্দ এবং ব্যয়ের অস্পষ্টতাগুলো দুর করে স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক সংশোধনী বাজেটের দাবি করা হয়। রিপোর্টে বলা হয় ঘোষিত বাজেটের বিভিন্ন খাতে বরাদ্দ এবং ব্যয়ের গাণিতিক যোগফলে যথেষ্ট ভুল পরিলক্ষিত হয়েছে যা থেকে জনগণ এই বাজেট সম্পর্কে অন্ধকারে থেকে যাবে। তাছাড়াও বাজেটটি সম্পূর্ণ অনুদাননির্ভর করা হয়েছে এতে পৌরসভার নিজস্ব আয়ের সুস্পষ্ট কোন ঘোষণা পরিলক্ষিত হয়নি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। শিক্ষাখাতে খুবই সামান্য বরাদ্দ রাখায় রিপোর্টে হতাশা ব্যক্ত করা হয়। বাজেট বৈশিষ্ট আশাব্যঞ্জক হলেও খাতওয়ারী বিশ্লেষণে ব্যাপক অস্পষ্টতা রয়েছে যা অতিদ্রুত সংশোধনপূর্বক একটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করার জন্য রিপোর্টে দাবি করা হয়। রিপোর্টকালে বক্তাগণ বলেন বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, এটি সোনাতলা পৌরসভার আগামী এক
বছরের উন্নয়ন দর্শণ, নাগরিক অগ্রাধিকার ও প্রশাসনিক জবাবদিহিতার দলিল। উল্লেখ্য, গত ২৮ জুলাই বেলা ১১ টায় সোনাতলা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের ৩৬ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ১৮০ টাকা ৪১ পয়সার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া। বাজেটে মোট রাজস্ব আয় দেখানো হয়েছে ৩, ১৫,২৬,১৬৪.৩৯ টাকা, উন্নয়ন আয় দেখানো হয়েছে ৩৩,৩৯,৪১,০১৬.০২ টাকা, প্রারম্ভিক স্থিতি ৬১,৭৭,১৮০.৪১ টাকা দেখানো হয়েছে। সোনাতলা নাগরিক কমিটির সভাপতি সাবেক জেলা দায়রা জজ অরূপ কুমার গোস্বামী বাজেট বিশ্লেষণ রিপোর্ট পেশ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনাতলা নাগরিক কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু, আব্দুর রশিদ রাঙা, সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনু, সহকারী অধ্যাপক আব্দুর রউফ হিরু, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খান, সম্পাদক মণ্ডলীর সদস্য শফিউল্লাহ শফি, রিবন সরকার, বাজেট বিশ্লেষন কমিটির সদ্স্য সচিব এম এম মেহেরুল ইসলাম, লিটন ইসলাম প্রমুখ।