স্টাফ রিপোর্টার
সোনাতলার তেকানী চুকাইনগর ইউনিয়নের কাচারী বাজার এলাকায় বেড়েছে মাদকসেবী ও চোরদের অপতৎপরতা। কাচারী বাজারের এ এম উচ্চ বিদ্যালয় চত্বরে স্কুল ছুটির পর এ অপতৎপরতা অনেকটাই প্রকাশ্য রূপ নিয়েছে। ফলে চুরি আতঙ্ক ও নতুন প্রজন্মের মাদক আসক্তের ভয়ে এখন বিড়ম্বিত জীবনযাপন করছে এই এলাকার সাধারণ মানুষ। চোরে রূপান্তরিত মাদকসেবীরা গত ১৫ ও ১৬ নভেম্বর কাচারী বাজারের এএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফ্লাক্স ফ্লাওয়ার কিন্ডার গার্টেন থেকে চুরি করে দুইটি সিলিং ফ্যান ও একটি টিউবওয়েল। একই সময়ে এই ইউনিয়নের বিভিন্ন স্থানে একাধিক চুরির ঘটনা ঘটে। মাদকসেবী ও চোরদের
ভয়ে এখন আতঙ্কিত জীবনযাপন করছেন তেকানী চুকাইনগর ইউনিয়নের জনগণ। এ বিষয়ে তেকানী চুকাইনগর ফ্লাক্স ফ্লাওয়ার কিন্ডার গার্টেনের পরিচালক আবু রায়হান বলেন, ‘তেকানী চুকাইনগর ইউনিয়নে মাদকসেবী ও চোরদের দৌরাত্ম বেড়ে গেছে। আমি আইন-শৃঙ্খলা বাহিনীকে এদের অপতৎপরতা রোধে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানাই। পাশাপাশি মাদকসেবী ও চোরদের প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার অনুরোধ জানাই।’ এ ব্যাপারে সোনাতলা থানার সাব-ইন্সপেক্টর গৌতম চক্রবর্তীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ‘সোনাতলা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ কবির হোসেনের নেতৃত্বে পুলিশ বাহিনীর মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এ অভিযান আরও জোরদার হবে।’