সোনাতলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বালুয়াহাটের হতদরিদ্র কাঁচামাল ব্যবসায়ী আফজাল হোসেনকে জোরপূর্বক উচ্ছেদ করেছে হাট ইজারাদার’ শীর্ষক সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে । ভুক্তভোগী সাংবাদিক দৈনিক কালবেলা পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি রিমন আহমেদ বিকাশ। হুমকির ঘটনায় তিনি সোনাতলার বালুয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছের বিরুদ্ধে সোনাতলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার বালুয়া ইউনিয়নের বালুয়াহাট বাসস্ট্যান্ড এলাকায় এই হুমকি-ধামকির ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক রিমন আহমেদ বিকাশ জানান, ‘সোনাতলা উপজেলার বালুয়াহাটে কাঁচামাল ব্যবসায়ী আফজাল হোসেনের দীর্ঘ ৪০-৫০ বছরের পুরনো কাঁচামালের ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক ভাঙচুরসহ দখল করে অন্য ব্যক্তির কাছে অবৈধভাবে ইজারা দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে ভুক্তভোগী উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদনও দাখিল হয়।
এই ঘটনার প্রেক্ষিতে সাংবাদিক বিকাশ “গোধূলি বার্তা” নামে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পেজে বিষয়টি তুলে ধরেন। অভিযোগ করা হয়, বিষয়টি কৃষকদল নেতা আনিছের নজরে এলে তিনি সাংবাদিক বিকাশকে মোবাইল ফোনে ডেকে নিয়ে সেটি সরিয়ে ফেলতে বলেন।
এ সময় তাকে এলাকায় বসবাস করতে হলে তাদের নির্দেশনা মেনে চলার হুমকি দেওয়া হয়। অন্যথায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়।
বিষয়টি জানতে আনিছুর রহমান আনিছের কাছে ফোন করলে তিনি বলেন, ‘বিকাশ সাংবাদিক আমার সমবয়সী। একারণে তাকে ডেকে নিয়ে ইয়ার্কি করে কিছু কথা বলেছি, তাকে বলেছি যে ছোট ছেলেপেলে হাট ডেকেছে এসবের মধ্যে তুমি এসোনা।’
এ বিষয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ কবির হোসেন অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



