স্টাফ রিপোর্টার
বগুড়ার সোনাতলায় আন্তঃনগর বুড়িমারী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সোনাতলা নাগরিক কমিটি মানববন্ধন করেছে। ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় সোনাতলা রেলওয়ে স্টেশন প্ল্যাটফরমে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোনাতলা নাগরিক কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য শফিউল্লাহ শফির সঞ্চলনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সোনাতলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক লেখক-সাংবাদিক সোহেল আহমেদ খান, সোনাতলা পৌরসভার সাবেক কাউন্সিলর হামিদা বেগম, সম্পাদক মণ্ডলীর সদস্য খালেদা আক্তার নয়নতারা, মোঃ গোলাম মুক্তাদির, প্রভাষক গোলাম রব্বানী, সাবিরুল ইসলাম, নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম, আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুল, নাগরিক কমিটির সদস্য সোহাগ ও আবুল আজাদ প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে এই আন্দোলন চালিয়ে যেতে যেতে আমরা ধৈর্যহারা হয়ে যাচ্ছি।
অচিরেই যদি সোনাতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর বুড়িমারী ট্রেনের যাত্রাবিরতি দেয়া না হয় তাহলে সোনাতলাসহ আশেপাশের পাঁচ উপজেলার জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে দাবি বাস্তবায়ন করা হবে। সোনাতলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খান মানববন্ধন কর্মসূচিতে আন্তঃনগর বুড়িমারী ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ধারাবাহিক কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে সমগ্র সোনাতলাসহ পার্শ্ববর্তী উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পথসভা, মানববন্ধন, দিনব্যাপি গণ অনশন, অবস্থান ধর্মঘট ও সর্বশেষ অনির্দিষ্ট কালের জন্য রেলপথ অবরোধ। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে সামাজিক স্বেচ্ছাব্রতী সংগঠন সোনাতলা নাগরিক কমিটি সোনাতলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর বুড়িমারী ট্রেনের যাত্রাবিরতির দাবির পক্ষে মানববন্ধন, পথসভা ও প্রচারণা চালিয়ে যাচ্ছে। আজকের এই মানববন্ধনে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।