জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
পাকা বাড়ি নির্মাণ, সরকারি চাকরি, রেশন কার্ড, সেলাই মেশিন ও প্রশিক্ষণের প্রলোভন। কোথাও ৭ লাখ টাকায় সচিবালয়ে চাকরি, কোথাও মাত্র ৩ হাজার টাকায় রেশন কার্ড, আবার ২ লাখ ৫০ হাজার টাকায় ১০ লাখ টাকা মূল্যের পাকা বাড়ি নির্মাণের আশ্বাস। এমন নানা প্রতিশ্রুতির ফাঁদে ফেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার অন্তত পাঁচটি গ্রামের শত শত নারীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। দীর্ঘ প্রায় নয় মাস এলাকায় অবস্থান করে মানুষের বিশ্বাস অর্জনের পর বিপুল পরিমাণ টাকা নিয়ে হঠাৎ উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে সেলিম ও ববিতা নামের ওই দম্পতির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বগারভিটা গ্রামের জামিল নামের এক যুবকের বাড়িতে আশ্রয় নেন সেলিম ও তাঁর স্ত্রী ববিতা। নিজেদের বাড়ি গাইবান্ধা সদরে বলে পরিচয় দেন তাঁরা। সেলিমের প্রথম স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি জানিয়ে দ্বিতীয় স্ত্রী ববিতাকে নিয়ে ওই এলাকায় স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনার কথাও প্রচার করেন। এভাবে স্থানীয়দের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে ধীরে ধীরে মানুষের আস্থা অর্জন করেন তাঁরা। অভিযোগ রয়েছে, ববিতার এক ভাই সচিবালয়ে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরতÑএমন পরিচয় ব্যবহার করে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হতো। মাত্র ২ লাখ ৫০ হাজার টাকা দিলে ১০ লাখ টাকা মূল্যের পাকা বাড়ি, ৭ লাখ টাকায় সচিবালয়ে চাকরি, ৩ হাজার টাকায় রেশন কার্ড এবং বিশেষ ব্যবস্থায় সেলাই মেশিন ও প্রশিক্ষণ দেওয়ার প্রলোভন দেখানো হয়। শুরুতেই কয়েকটি বাড়ির নির্মাণকাজ শুরু করা হয়। পাশাপাশি কিছু রেশনসামগ্রীও বিতরণ করা হয়। এতে
সাধারণ মানুষের কাছে তাঁদের প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। বিশেষ করে অসহায়, দরিদ্র ও স্বল্প আয়ের নারীরা সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার আশায় তাঁদের কাছে টাকা জমা দিতে শুরু করেন। ভুক্তভোগী নারী সেতু বেগম জানান, পাকাবাড়ি করে দেওয়ার কথা বলে ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে আসে, শুধু সেতুই নয় এই প্রতারককের খপ্পরে পরে সর্বশান্ত হওয়ার অভিযোগ শতশত নারীর। কারও কাছ থেকে ৭ লাখ, কারও কাছ থেকে ২ লাখ ৫০ হাজার, আবার কারও কাছ থেকে ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। প্রতিশ্রুত সুবিধা পাওয়ার আশায় অনেকে সংসারের স্বর্ণালংকার বিক্রি করেছেন। কেউ গরু-ছাগল, হাঁস-মুরগি বিক্রি করেছেন, আবার কেউ চড়া সুদে ঋণ নিয়ে কিংবা ধারদেনা করে টাকা দিয়েছেন। এভাবে জুমারবাড়ী ইউনিয়নের বগারভিটা, দহিচড়াসহ আশপাশের অন্তত পাঁচটি গ্রামের বিভিন্ন পরিবারের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের ভাষ্য, দীর্ঘদিন এলাকায় অবস্থান, মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি এবং প্রাথমিকভাবে কিছু বাড়ির কাজ ও রেশনসামগ্রী বিতরণের মাধ্যমে দম্পতি তাঁদের বিশ্বাস অর্জন করেছিলেন। ফলে তাঁদের কথায় আস্থা রেখে অনেকে জীবনের শেষ সম্বলটুকুও তুলে দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, দীর্ঘ প্রায় নয় মাস এলাকায় অবস্থানের পর হঠাৎ করেই সেলিম ও ববিতার খোঁজ পাওয়া যাচ্ছে না। টাকা নেওয়ার পর তাঁদের এমন অন্তর্ধানে বিপাকে পড়েছেন শত শত নারী। বাড়ি নির্মাণ, চাকরি, রেশন কার্ড কিংবা সেলাই মেশিনÑকোনোটিরই প্রতিশ্রুতি পূরণ হয়নি। উল্টো সংসারের সঞ্চয় হারিয়ে অনেক পরিবারে দেখা দিয়েছে চরম আর্থিক সংকট। টাকা হারিয়ে দিশেহারা নারীরা দফায় দফায় তাঁদের আশ্রয়দাতা জামিলের বাড়িতে ভিড় করছেন।