জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
চার বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে মোন্তাজ আলী ওরফে চেংটুর (৫৫) শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাইবান্ধার সাঘাটা। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে সাঘাটা পোস্ট অফিস মোড়ে সাঘাটা ভূমিহীন সমিতি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বেরকরাহয়। মিছিলটি সাঘাটা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাঘাটা থানা ফটকের সামনে অবস্থান নেয়। পরে পল্টন মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা অভিযুক্তের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। খাবারের প্রলোভনের অভিযোগ স্থানীয় ও মামলার সূত্রে
জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর সাঘাটার হাসিলকান্দি গ্রামে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে চার বছরের শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে মোন্তাজ আলীওরফে চেংটুর বিরুদ্ধে। পরে বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবার থানায় মামলা করে। এ ঘটনায় সাঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন সাঘাটা ইউনিয়নের সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য রাহেলা বেগম, সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম (সিদ্দিক মাস্টার), ভূমিহীন সমিতির নেতা শফিকুল ইসলাম শফিক, শিশুটির বাবা ও স্থানীয় ব্যক্তিরা। এলাকাবাসীর দাবি নিরপেক্ষ তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।