জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে গাইবান্ধার সাঘাটায় বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ঘুড়িদহ ব্যাতিত ৯ টি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নাম সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে। একাধিক নাম থাকায় মনোনয়ন ঘিরে তৃণমূলে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের মতামত, সাংগঠনিক ভূমিকা, জনপ্রিয়তা, ভোটারদের গ্রহণযোগ্যতা ও দলের প্রতি আনুগত্য বিবেচনায় নিয়ে সম্ভাব্য প্রার্থীদের তালিকা করা হচ্ছে। পরে দলীয় প্রক্রিয়া অনুসরণ করে একজনকে চূড়ান্ত করার কথা রয়েছে। আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে- পদুমশহরে- শাহীনুর আলম ও জিসান; ভরতখালীতে- মজিদুল ইসলাম টিক্কা ও মুঞ্জুরুল ইসলাম; সাঘাটায় আতিকুর রহমান ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ; মুক্তিনগরে সাবেক চেয়ারম্যান মঈন প্রধান লাবু; কচুয়ায় শাহজাহান আলী, হাফিজুর রহমান ও বর্তমান চেয়ারম্যান লিয়াকত আলী; হলদিয়ায় ওমর আলী, আব্দুল মমিন মিয়া ও মতিয়ার রহমান; জুমারবাড়ীতে বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলাম, আবু তাহের ও মুকুল মিয়া; কামালেরপাড়ায় আহম্মদ
কবীর শাহীন, মামুনুর রশিদ ও মিজানুর রহমান এবং বোনারপাড়ায় জসিউল করিম পলাশ ও শামীম মন্ডল। তবে এসব নাম এখনো সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে; দলীয়ভাবে চূড়ান্ত নয়। ইতোমধ্যে কামালেরপাড়াসহ কয়েকটি ইউনিয়নে একক প্রার্থী বাছাই নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শুরু হয়েছে। উপজেলার বিএনপির নেতাদের স্পষ্ট বার্তা-ব্যক্তি নয়, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। চূড়ান্ত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া বা দলীয় প্রার্থীর বিরোধিতা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে এমন সতর্ক বার্তাও দেওয়া হচ্ছে সম্ভব্য প্রার্থীদের । এদিকে সম্ভাব্য প্রার্থীরাও নিজেদের অবস্থান শক্ত করতে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও গণসংযোগ বাড়িয়েছেন। সব মিলিয়ে সাঘাটার বিএনপিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন- ৯ ইউনিয়নের একাধিক নাম থেকে শেষ পর্যন্ত কারা পাচ্ছেন দলীয় সমর্থন? আর মনোনয়নবঞ্চিতদের কতটা ঐক্যবদ্ধ রাখা সম্ভব হবে ? এনিয়েও চলছে নানা জলপনা-কল্পনা! প্রার্থী চূড়ান্ত হলেই মিলবে এসব প্রশ্নের উত্তর। তবে তার আগেই মনোনয়নকে ঘিরে সাঘাটার ৯ ইউনিয়নে বিএনপির রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে।