জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লাহর বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। জেলা প্রাথমিক শিক্ষা অফিস, গাইবান্ধা সূত্রে জানা গেছে, সাংবাদিক ও অভিযোগকারী মোঃ জয়নুল আবেদীনের দায়ের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে দুইজন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি অভিযোগের বিষয়ে সরেজমিন অনুসন্ধান, সাক্ষ্য গ্রহণ ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই শেষে তাদের প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে জারি
করা স্মারক নং জেপ্রাশিঅ/সাঘাটা/গাই/২০২৬/১১৫০, তারিখ ১৪ জুন ২০২৬ অনুযায়ী, তদন্ত কমিটির দাখিলকৃত প্রতিবেদনে প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লাহর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) লক্ষ্মণ কুমার দাশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদন ও অভিযোগপত্র বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, রংপুর বিভাগের নিকট সুপারিশসহ প্রেরণ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভাগীয় কর্তৃপক্ষ তদন্ত প্রতিবেদনের আলোকে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এ ঘটনায় শিক্ষা মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল বিদ্যালয়ের শৃঙ্খলা ও সুষ্ঠু শিক্ষা পরিবেশ বজায় রাখতে অভিযোগের বিষয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।