জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৮০টি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ চত্বরে ২৪ কার্টন খেজুর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী, উপজেলা বন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক মো. এনামুল হক সরকার, প্রকল্প বাস্তবায়ন সহকারী কর্মকর্তা আকবর হোসেন, পলাশ চন্দ্র রায় ও বিএনপি নেতা আশরাফুল আলম ফরিদসহ অন্যরা।
এদিকে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীরের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহিশ শাফী, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আসমত আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ওয়ালিউর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. জাকারিয়া হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।