জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটায় দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ব্যবস্থা জোরদার এবং পরিবারভিত্তিক জরুরি আপৎকালীন পরিকল্পনা প্রণয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাঘাটা উপজেলার ভরতখালী এসকেএস রিসোর্স সেন্টারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এসকেএসের এসিটি ॥ প্রকল্পের আয়োজনে এবং অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। ‘কমিউনিটি ও সরকারি পর্যায়ে আগাম সতর্কতা ব্যবস্থা এবং পরিবারভিত্তিক জরুরি আপৎকালীন পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক এ প্রশিক্ষণে দুর্যোগের আগে প্রয়োজনীয় প্রস্তুতি, আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া এবং জরুরি পরিস্থিতিতে পরিবার ও কমিউনিটির করণীয় বিষয়ে আলোচনা করা
হয়। প্রশিক্ষণে বক্তব্য দেন, সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান, সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট এবং ভরতখালী এসকেএস রিসোর্স সেন্টারের ম্যানেজার মিজানুর রহমান, এসকেএস ফাউন্ডেশনের এলটিপি প্রকল্প ম্যানেজার হাসিনা পারভিন। এ প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগপ্রবণ এলাকার মানুষকে আগাম সতর্কতা সম্পর্কে সচেতন করা এবং দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি কমাতে পরিবার ও স্থানীয় পর্যায়ে কার্যকর প্রস্তুতি গ্রহণে সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, কমিউনিটি সদস্য, ইয়ুথ লিডার ও মিডিয়ার কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।