জয়নুল আবেদীন,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটায় দিনে-দুপুরে দুস্কৃতকারীরা পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে ৭৯ হাজার টাকা ও একটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের যাদুরতাইড় গ্রামের চৌধুরীপাড়া গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আনিছুর রহমান চৌধুরী। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের যাদুরতাইড় গ্রামের বাসিন্দা আনিছুর রহমান চৌধুরী বুধবার সকালে সাঘাটা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সাঘাটা-বোনারপাড়া সড়কের
যাদুরতাইড় চৌধুরীপাড়া গেট এলাকায় পৌঁছালে কয়েকজন দুস্কৃতকারীর একটি সংঘবদ্ধ দল আনিছুর রহমানের মোটরসাইকেলের গতিরোধ করেন এবং তাঁদের হাতে লোহার রড, রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ও কাছে থাকা ৭৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় আনিছুর রহমান চৌধুরী সাঘাটা থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ দুরুল হুদা জানান, ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।