আসন্ন ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলকে আগাম শুভকামনা ও ভালোবাসা জানাতে বগুড়ার সোনাতলায় এক জমকালো ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ‘ব্রাজিল ফ্যানস গ্রুপ’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সেলেসাও ভক্তদের উচ্ছ্বাস ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সোমবার বিকেলে সোনাতলা মিনি স্টেডিয়াম মাঠে এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব কর্মসূচির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিশ্বকাপের আনন্দকে স্মরণীয় করে রাখতে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে ভক্তরা স্টেডিয়াম চত্বরে প্রথমে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে উপস্থিত সকল ফুটবলপ্রেমী ও ব্রাজিল সমর্থকেরা একটি বিশাল র্যালি নিয়ে পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জড়ো হন। কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হওয়া এই আনন্দ শোভাযাত্রাটি চলাকালীন পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্রাজিল
সমর্থকরা ঐতিহ্যবাহী হলুদ-সবুজ জার্সি পরে, হাতে দলীয় পতাকা, ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। র্যালিতে অংশ নেওয়া সোনাতলার স্থানীয় ব্রাজিল সমর্থকেরা অত্যন্ত দৃঢ়তার সাথে তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করেন। বিগত কয়েকটি বিশ্বকাপে কাঙ্ক্ষিত সাফল্য না আসলেও, ২০২৬ বিশ্বকাপে প্রিয় দল চেনা ছন্দে ফিরবে বলে বিশ্বাস তাদের। সমর্থকদের মুখে ঘুরেফিরে একটাই স্লোগান ও দাবি ছিল—'মিশন হেক্সা' পূরণ। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ব্রাজিল মানেই নান্দনিক ফুটবল ও সাম্বার ছন্দ। এবার দলে তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের দারুণ সমন্বয় রয়েছে। সব বাধা পেরিয়ে প্রিয় নেইমার-ভিনিসিউসরা ২০২৬ সালের বিশ্বকাপে ব্রাজিলের ঘরে ষষ্ঠবারের মতো বিশ্বসেরার ট্রফি তুলে দেবে বলেই তাদের দৃঢ় বিশ্বাস। দীর্ঘদিন পর বিশ্বকাপের আগমনী বার্তায় সোনাতলার এই আনন্দ শোভাযাত্রা স্থানীয় ক্রীড়ামোদী মানুষের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।