বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা


বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মো. রেজাউল করিম বাদশা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে এই মনোনয়ন নিশ্চিত করা হয়। এর মাধ্যমে আসনটির শূন্যতায় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী লড়াইয়ের সূচনা হলো।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭—এই দুটি সংসদীয় আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি একাধিক আসনে জয়ী হলে একটি ব্যতিরেকে বাকি আসনগুলো ছেড়ে দেওয়ার বিধান রয়েছে। সে মোতাবেক, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ আসনটি নিজের কাছে রেখে শপথ গ্রহণের ঠিক আগ মুহূর্তে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।
আরো পড়ুনঃ বগুড়া-৬ উপ-নির্বাচন: আলোচনায় জুবাইদা, জাইমা ও শামিলা রহমান
আসনটি শূন্য হওয়ার পর নির্বাচন কমিশন আগামী ৯ এপ্রিল এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বগুড়া বরাবরই বিএনপির রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত। দলীয় প্রধানের ছেড়ে দেওয়া এই আসনে রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে। দলের মহাসচিব স্বাক্ষরিত মনোনয়ন পত্রে প্রার্থী হিসেবে বাদশার নাম ঘোষণা করার পর থেকেই স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রচারণার প্রস্তুতি শুরু হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসনে জয় ধরে রাখা বিএনপির জন্য যেমন সম্মানের লড়াই, তেমনি স্থানীয় পর্যায়ে নিজেদের জনপ্রিয়তার প্রমাণ দেওয়ারও একটি বড় সুযোগ। আগামী ৯ এপ্রিলের নির্বাচনে ভোটাররা কার ওপর আস্থা রাখেন, এখন সেটিই দেখার বিষয়।




