বগুড়ায় ৪৯৬ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

স্টাফ রিপোর্টার

বগুড়ার সদর উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৪৯৬ জন প্রান্তিক নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোপালবাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব কার্ড তুলে দেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
এর আগে সকালে রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শাখারিয়া ইউনিয়নে প্রাথমিকভাবে ৪৯৬ জনকে কার্ড দেওয়া হলেও পর্যায়ক্রমে মোট ৮৬৮ জন নারী এই সুবিধার আওতায় আসবেন। বিস্ময়কর ও ইতিবাচক বিষয় হলো, ফ্যামিলি কার্ড হাতে পাওয়ার আগেই ডিজিটাল পদ্ধতিতে উপকারভোগীদের মোবাইল ফোনে সরকারি সহায়তার অর্থ পৌঁছে গেছে।
সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নারীরা। কার্ড হাতে নিয়ে তারা জানান, কার্ড পাওয়ার আগেই মোবাইলে টাকা চলে আসায় তারা অত্যন্ত খুশি। এই অর্থ পরিবারের জরুরি প্রয়োজনে কাজে লাগবে উল্লেখ করে তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার এই উদ্যোগ নিয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে সরাসরি ডিজিটাল মাধ্যমে অর্থ পাঠানো হচ্ছে এবং পর্যায়ক্রমে সকল যোগ্য ব্যক্তি এ সুবিধার আওতায় আসবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন নবী সালাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



