বগুড়ায় নির্বাচনী সহিংসতা মামলায় জামায়াতের দুই নেতা গ্রেফতার


বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতা ও ঘরবাড়ি ভাঙচুরের মামলায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে নন্দীগ্রাম কলেজ মসজিদ এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পৌর জামায়াতের বাইতুলমাল সম্পাদক মুহাম্মদ এ টি এম মুজাহিদ ও উপজেলা যুব জামায়াতের ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম।
থানা সূত্রে জানা গেছে, গত নির্বাচনের আগে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে এক ভয়াবহ নির্বাচনী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন এবং বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।
এ ঘটনায় আহত বিএনপি নেতা মাসুদ রানা মজিদ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ৩৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মুজাহিদ ও রাকিবুল ওই মামলার এজাহারনামীয় আসামি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার বিকেলে কলেজ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।



