বগুড়ার খবর

বগুড়ায় তারাবির নামাজ শেষে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ায় তারাবির নামাজ শেষে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ার নন্দীগ্রামে তারাবির নামাজ শেষে মসজিদের সামনে মিলন রহমান (১৬) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

‎নিহত মিলন রহমান ওই গ্রামের দিলবর রহমানের ছেলে এবং স্থানীয় বুড়ইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল বলে জানা গেছে।

‎স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে বুড়ইল গ্রামের যুবক শামিমের সঙ্গে নিহতের প্রতিবেশী নবীর শেখের তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। মিলন তারাবির নামাজ আদায় শেষে মসজিদের সামনে দাঁড়িয়ে ছিল।

‎এ সময় শামিমের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত ৫-৭টি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই মিলনকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

‎তিনি আরও জানান, নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button