বগুড়ায় এনসিপি নেতা গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় চাঁদাবাজি, মারধর এবং অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাগরের দলীয় পদের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জিম।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের আগস্ট মাসে এক রাতে কলেজের সামনে চা পান করার সময় ব্যবসায়ী রুবেল প্রামানিককে লক্ষ্য করে হামলা চালানো হয়। মিজানুর রহমান সাগরসহ ৫-৬ জন মোটরসাইকেলযোগে এসে রুবেলকে জোরপূর্বক অডিটোরিয়ামের পেছনে তুলে নিয়ে যায়। সেখানে তাকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা রুবেলের পকেটে থাকা নগদ ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয় এবং ভয়ভীতি দেখিয়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে আরও ২৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, গত ৩০ আগস্ট ব্যবসায়ী রুবেল প্রামানিক বাদী হয়ে সাগরের বিরুদ্ধে সদর থানায় মামলাটি দায়ের করেন। মূলত ব্যবসায়িক বিরোধের জেরে হামলা, চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম নিশ্চিত করেছেন যে, সাগর দীর্ঘদিন ধরে এই মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



