বগুড়ার ধুনটে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় বালু দস্যুদের হামলায় স্থানীয় বিএনপি নেতাসহ চারজন আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—ভান্ডারবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারিক (৫৫), ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি শামীম মন্ডল (৩২), স্থানীয় বাসিন্দা হযরত আলী (৫৬) ও মোহাম্মদ আলী জিন্নাহ (২২)। তারা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাজবাড়ি গ্রামের আব্দুল মান্নান ও সাদ্দাম হোসেনের নেতৃত্বে
একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে পুকুরিয়া এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে যমুনার তীররক্ষা বাঁধ, ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়ে। পরিবেশ রক্ষায় স্থানীয় গ্রামবাসী এই অবৈধ বালু উত্তোলনে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে মান্নান ও সাদ্দামের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীদের ওপর হামলা চালায়। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারগুলো এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আরো পড়ুন: বগুড়ায় পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছে সেমাই; ৬০ হাজার টাকা জরিমানা