জাতীয়বগুড়ার খবর

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বগুড়ার মীর শাহে আলম

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বগুড়ার মীর শাহে আলম

দীর্ঘ ৩৩ বছর পর আবারও মন্ত্রিসভায় জায়গা পাচ্ছে বগুড়া। জেলার রাজনৈতিক পরিমণ্ডলে বহুদিনের যে শূন্যতার কথা ঘুরে ফিরে এসেছে, সেটি পূরণ হতে যাচ্ছে আজই।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বগুড়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম মঙ্গলবার নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তার এই অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে।

মীর শাহে আলম বর্তমানে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। রাজনৈতিক জীবনে তিনি তৃণমূল থেকে উঠে আসা নেতা হিসেবে পরিচিত। এর আগে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সরকার কাঠামো ও গ্রামীণ উন্নয়ন ব্যবস্থার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা নতুন দায়িত্ব পালনে সহায়ক হবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

বগুড়ায় সর্বশেষ মন্ত্রিত্ব আসে ১৯৯১ সালে। সে সময় বগুড়া সদরের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এরপর দীর্ঘ সময় ধরে জেলা থেকে আর কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী না থাকায় রাজনৈতিক অঙ্গনে এক ধরনের আক্ষেপ তৈরি হয়েছিল।

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, “দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে বগুড়াবাসী আবারও মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব পাচ্ছে। এটি জেলার মানুষের জন্য গর্বের বিষয়।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সরাসরি তৃণমূল উন্নয়ন, অবকাঠামো ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত। ফলে এই মন্ত্রণালয়ে বগুড়ার প্রতিনিধিত্ব জেলার উন্নয়ন সম্ভাবনাকে নতুন মাত্রা দিতে পারে। এখন দেখার বিষয়, প্রতিমন্ত্রী হিসেবে মীর শাহে আলম কত দ্রুত ও কার্যকরভাবে সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button