প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এপিএস হলেন সোনাতলার তৌহিদুল ইসলাম টিটু

রবিউল ইসলাম শাকিল,

বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার সোনাতলা উপজেলার কৃতি সন্তান মোঃ তৌহিদুল ইসলাম (টিটু)। গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ (৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ) তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরো পড়ূনঃ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বগুড়ার মীর শাহে আলম
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০/- টাকা) তৌহিদুল ইসলামকে এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মাননীয় প্রতিমন্ত্রী যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা তৌহিদুল ইসলামকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
তৌহিদুল ইসলাম টিটু বগুড়া জেলার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের মোঃ মতিয়ার রহমান ও মোছাঃ হাছিনা বেগমের সন্তান। অত্যন্ত বিনয়ী ও কর্মঠ হিসেবে পরিচিত টিটুর এই নিয়োগে তার নিজ এলাকা সোনাতলা ও পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে বিপুল জনসমর্থন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জননন্দিত নেতা মীর শাহে আলম। পরবর্তীতে তাকে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব অর্পণ করা হয়। এলাকাবাসীর প্রত্যাশা, প্রতিমন্ত্রীর আস্থাভাজন হিসেবে টিটু তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন এবং প্রতিমন্ত্রী ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন।



