রাকিবুল ইসলাম, ধুনট বগুড়া প্রতিনিধি
বগুড়ার ধুনটে প্রবাসী শাহাদাত হোসেনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) ১১টায় দিকে ধুনট থানার প্রধান ফটকের সামনে স্থানীয় এলাকাবাসী, স্বজন অংশগ্রহণে এ মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ড্রাইভিং ভিসার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে শাহাদাত হোসেনকে বিদেশে পাঠানো হয়। বিদেশে অবস্থানকালে তিনি নানা ধরনের হয়রানি, নির্যাতন ও হুমকির মুখে ছিলেন বলে পরিবারের সদস্যরা দাবি করেন। একপর্যায়ে রহস্যজনক পরিস্থিতিতে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের অভিযোগ, দালাল হিসেবে অভিযুক্ত মহমুদুল সরকার, আরিফ এবং এসআই মোস্তাফিজুর রহমানের ভূমিকা রয়েছে, যা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করা জরুরি। মানববন্ধন থেকে বক্তারা শাহাদাত হোসেনের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন, অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মানবপাচার ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা, বিদেশগামী শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। বক্তারা আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা, মানবপাচার ও হয়রানির ঘটনা দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। এসব
অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে সাধারণ মানুষ প্রতারণার শিকার হতে থাকবে। একই সঙ্গে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর নজরদারি ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। আয়োজকরা বলেন, একজন প্রবাসী শ্রমিক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসীদের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব আরও জোরদার হওয়া উচিত। শাহাদাত হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর বার্তা পৌঁছাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা "সত্য উদঘাটন হোক, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক", "প্রবাসীর জীবন নিরাপদ হোক, প্রতারণা ও মানবপাচার বন্ধ হোক" এবং "আইনের শাসন প্রতিষ্ঠাই হোক আমাদের অঙ্গীকার"-এমন বিভিন্ন স্লোগান দে এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং মামলায় আসামিরা অন্তর্ভুক্ত রয়েছেন বর্তমানে আসামিগণ জাবিনে রয়েছেন । তবে বিদেশে শাহাদাত হোসেনের মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত থানায় পৃথক কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।