বগুড়ার খবর

জামায়াত কর্মীর বাড়িতে বিস্ফোরণ-অগ্নিসংযোগের প্রতিবাদে সোনাতলায় জামায়াতের সংবাদ সম্মেলন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

জামায়াত কর্মীর বাড়িতে বিস্ফোরণ-অগ্নিসংযোগ, জামায়াত কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সোনাতলায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সোনাতলা উপজেলা শাখা। বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বগুড়া-১ আসনে জামায়াত মনোনিত প্রার্থী অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিনের প্রধান নির্বাচনী এজেন্ট ও বগুড়া শহর জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মোঃ শাহীন মিয়া।
তিনি বলেন, ‘একটি মহল বগুড়া-১ নির্বাচনী এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ভোটের পরিবেশ নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সেই তৎপরতার অংশ হিসেবে গত ২৮ জানুয়ারি রাত ১১ টার দিকে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে জামায়াতে ইসলামীর কর্মী আব্দুল্লাহ্ আল শাফীর বাড়িতে একদল সন্ত্রাসী বিস্ফোরণ ঘটিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড  ঘটায়। এছাড়াও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ, হুমকি-ধামকি, ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলার মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে। ২৮ জানুয়ারি সারিয়াকান্দি উপজেলার জোড়গাছায় সমাবেশে যাওয়ার পথে গাড়ি থেকে নামিয়ে জামায়াত কর্মীদের বাধা দেয় বিশেষ সেই মহলটি। তারা সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়ন জামায়াতের আমীরসহ নওদাবগায় জামায়াতের নেতা-কর্মীদের হত্যার হুমকি দিচ্ছে।’ তিনি হত্যার হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন, বিস্ফোরণ-অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে সেগুলো বন্ধে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সেই সাথে প্রশাসনকে নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-১ নির্বাচনী আসনে জামায়াত মনোনিত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম, সোনাতলা উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক, নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর অ্যাড. জাহিদুল হক, জামায়াত নেতা মাওলানা আব্দুর রহিম ও আব্দুল আল সাফি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button